দুই সরকারি কর্মকর্তাকে দুদকের অব্যাহতি
বিধিবহির্ভূতভাবে প্লট বরাদ্দ, প্লট পরিবর্তন করে কোটি কোটি টাকা আয় এবং অর্থ-সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ থেকে রাজউকের সাবেক এক পরিচালক (এস্টেট ও ভূমি) মোহাম্মদ মুসাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন এ অব্যাহতির বিষয়টি অনুমোদন দেয়।
১৬ জুলাই দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সই করা এক চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে অব্যাহতির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। দুদকের ওয়েবসাইটেও অব্যাহতির চিঠিটির অনুলিপি দেওয়া হয়েছে।
মোহাম্মদ মুসা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) হিসেবে কর্মরত।
দুদক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, মা, স্ত্রী ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান এবং মামলার তদন্তের সময় মোহাম্মদ মুসার নানা কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে দুদক। শওকত হোসেন গণপূর্ত সচিব থাকাকালে মুসা রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাঁর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়া, প্লট পরিবর্তন করে কোটি কোটি টাকা আয় করা ও বিপুল অর্থ-সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ ওঠে। মুসার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এবং খোন্দকার শওকতের অনিয়মের বিষয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সে সময়ের উপপরিচালক যতন কুমার রায়।
পরবর্তী সময়ে মোহাম্মদ মুসার বিরুদ্ধে আলাদাভাবে অনুসন্ধান করে দুদক। উপপরিচালক এস এম রফিকুল ইসলাম অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই মুসাকে অব্যাহতি দেয় দুদক।
মোটরযান পরিদর্শককে অব্যাহতি: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে বিআরটিএর বরিশাল সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আইয়ূব আনছারীকে অব্যাহতি দিয়েছে দুদক। ১৬ জুলাই দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সই করা এক চিঠিতে বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় অভিযোগটির অনুসন্ধান করে। ২০১১ সালে আইয়ূব আনছারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।