সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দুই কর্মকর্তাকে গতকাল বুধবার জামিন দিয়েছেন আদালত। তাঁরা হলেন শহীদুল ইসলাম ও ইউসুফ আলী।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল এ মামলায় অভিযোগপত্রভুক্ত দুই সরকারি কর্মকর্তা শহীদুল ইসলাম ও ইউসুফ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা জামিনের আবেদন মঞ্জুর করেন। গত ২১ ডিসেম্বর আদালত এই দুজনসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
২৪ জনের মধ্যে আরেক সরকারি কর্মকর্তা আওলাদ হোসেন গত সোমবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউেকর ইমারত পরিদর্শক।
গতকাল শহীদুল ইসলাম ও ইউসুফের জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে ঢাকা জেলার সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আবদুল মান্নান ও অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির। শুনানিতে তাঁরা বলেন, সরকারি কর্মকর্তা আওলাদ হোসেনের জামিন আবেদন নাকচ হয়েছে। এই দুজনের বিরুদ্ধেও একই প্রকৃতির অভিযোগ রয়েছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাই রানা প্লাজা ধসে পড়ে মানুষের প্রাণ গেছে। তাই তাঁদের জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানো হোক।
পরোয়ানা জারি হওয়া অপর সরকারি কর্মকর্তা হলেন জামসেদুর রহমান। সম্প্রতি তিনি অবসরে গেছেন। গত বছরের ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় ওই ভবনের কর্ণধার সোহেল রানা, চার সরকারি কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। ওই ঘটনায় করা ইমারত আইনের মামলায় ১৮ জনের বিরুদ্ধে একই দিনে অভিযোগপত্র দেয় সিআইডি।
গত ২১ ডিসেম্বর আদালত হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১ মার্চ: ইমারত আইনের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল শেষ হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ এ এম আতোয়ার রহমান শুনানি গ্রহণ শেষে আগামী ১ মার্চ আদেশের দিন ধার্য করেন।