দুই সহকারী শিক্ষককে বরখাস্ত, বিভাগীয় মামলা দায়ের
ফরিদপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি এবং নগরকান্দার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় ওই দুই বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্তসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, প্রাথমিক তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য বৃহস্পতিবার ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান গত মঙ্গলবার চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করেন। এর আগে ১৮ এপ্রিল ফরিদপুর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীর বাবা ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘তদন্তে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত’ ও ‘দুই স্কুলছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করলেন শিক্ষক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।