দুই সহপাঠীর সততা
দুই সহপাঠী। হঠাৎ কুড়িয়ে পেল এক তোড়া টাকা। কিন্তু মালিককে কোথায় পাবে? তারা তো পড়াশোনা নিয়ে বেজায় ব্যস্ত। এসএসসি পরীক্ষা কড়া নাড়ছে দুয়ারে। অবশ্য খুব বেশি প্রতীক্ষা করতে হয়নি। মালিকের হাতে টাকা তুলে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচে।
এই দুই সহপাঠী হলো রাকিব হাসান ফকির ও মো. তৌফিকুর রহমান। তারা ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। রাকিবের বাড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটলিপাড়া মহল্লায় আর তৌফিকুরের বাড়ি রসুলপুর গ্রামে। দুই বন্ধুর এই সততার গল্প শুনে পৌরবাসীর অনেকে বাহবা দিয়েছেন। কেউবা ধন্য ছেলে বলেছেন তাদের।
রাকিব ও তৌফিকুর গতকাল বুধবার প্রথম আলোকে জানায়, গত মঙ্গলবার তারা দুজন প্রাইভেট পড়তে শহরের নতুন বাজার এলাকায় দুই ভাই প্লাজার নিচতলায় এক শিক্ষকের কাছে আসে। শিক্ষকের কক্ষটি দুই ভাই প্লাজার দোতলায়, কৃষি ব্যাংকের সিঁড়ির উত্তর পাশে। শিক্ষকের জন্য অপেক্ষা করছিল তারা। পায়চারি করতে করতে একসময় সিঁড়িতে টাকার তোড়া পড়ে থাকতে দেখে। সিঁড়ি দিয়ে লোকজন চলাচল করলেও টাকার তোড়াটি কেউ তুলছে না দেখে রাকিব সেটি কুড়িয়ে নিজের কাছে রাখে। পরে শিক্ষকের কাছে পড়তে যায়। পড়া শেষ করে আশপাশে খোঁজ করেও টাকার মালিককে পায়নি তারা। পরে নিজ নিজ বাড়ি চলে যায়। গতকাল আবারও প্রাইভেট পড়তে এসে ব্যাংকে যায়।
রাকিব বলে, ব্যাংকে গিয়ে এক ব্যক্তির টাকা হারানোর তথ্য পায়। পরে তারা পরিচিত এক ব্যক্তির সহায়তায় টাকার মালিকের সঙ্গে যোগাযোগ করে তার হাতে টাকা তুলে দেয়। ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলার দেউলডাংরা এলাকার বয়োবৃদ্ধ আবুবক্কর সিদ্দিক ২০ হাজার টাকা তোলেন। পরে পাঞ্জাবির পকেটে রাখার সময় তা বাইরে পড়ে যায়। কিন্তু তিনি প্রথমে তা বুঝতে পারেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেন।
হারানো টাকা ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা আবুবক্কর তাঁর নাতির বয়সী দুই স্কুলছাত্রকে উপহার হিসেবে কিছু দিতে চান, তখন রাকিব ও তৌফিক লাজুক হাসিতে বলে, ‘আপনার টাকা আপনার হাতে তুলে দিতে পেরেছি, এটিই আমাদের সবচেয়ে বড় উপহার। আর কিছু চাই না। দোয়া করবেন, আমরা যেন পরীক্ষায় ভালো ফল করতে পারি।’