দুই সহযোগীসহ ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি গ্রাম থেকে গতকাল রোববার বিকেলে ভুয়া পরিচয়দানকারী পুলিশের এসআই ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ভুয়া পুলিশ কর্মকর্তা হচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেতরাছিন গ্রামের সানোয়ার হোসেন এবং তাঁর সহযোগী শাহিন ও নুরুল ইসলাম। জানা গেছে, নয় মাস আগে উপজেলার ফুকুরহাটি গ্রামের মফেজ উদ্দিনের মেয়ে তানজিনা আক্তারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার শরিয়াবাড়ী গ্রামের শাহিনের বিয়ে হয়। সম্প্রতি তানজিনাকে শারীরিক নির্যাতন করায় তাঁর বাবা সপ্তাহ খানেক আগে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। গতকাল বিকেলে একটি ব্যক্তিগত গাড়িতে করে শাহিন তাঁর তিন সহযোগী সানোয়ার, শাহিন ও নুরুলকে নিয়ে ফুকুরহাটি গ্রামে শশুরবাড়িতে যান। এ সময় সানোয়ার নিজেকে গাজীপুরের জয়দেবপুর থানার এসআই পরিচয় দিয়ে জোর করে তানজিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।