দুই সহোদর কৃষক হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে দুই সহোদর কৃষক হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন ও আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জের ইছাকলস গ্রামের সোনা মিয়া, লাল মিয়া, হিরা মিয়া, মিনরু মিয়া, আবদুস সোবহান, আবদুল্লাহ, আবদুস শহিদ ও আবুল কায়সার। ১০ বছরের কারাদণ্ড হয়েছে দুজনের এবং দুই মাস করে আরও দুজনের। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালে দুই আসামি মারা যান। জানা যায়, ২০০৮ সালের ১৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার পাশের ছাতকের বৌলা গ্রামের আমকুড়ি বিলে বোরো চাষাবাদকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে হামলায় ঘটনাস্থলে আখল আলী (৫০) ও দারু মিয়া (৪০) নামের দুই সহোদর কৃষক মারা যান। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে তাঁদের ভাই খলিলুর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।