বাগেরহাটে স্কুলছাত্রী সাবিহা সুলতানা সাথীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্থানীয় দুই সাংবাদিক ও সাবিহার পাঁচ সহপাঠীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু সিদ্দিক গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট মুখ্য বিচারিক হাকিম আবু তাহেরের আদালতে এ অভিযোগপত্র দেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন: খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার বাগেরহাট ব্যুরোপ্রধান মোল্লা আবদুর রব (৫০), মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মামুন (২৮) এবং সাবিহার পাঁচ সহপাঠী। অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, বাগেরহাট শহরের দশানী ১ নম্বর ক্রস রোডের বাসিন্দা শেখ আলমগীর হোসেনের মেয়ে সাবিহা শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। গত ২৪ মার্চ বিদ্যালয়ে সাবিহার এক সহপাঠী অভিযুক্ত অপর সহপাঠীদের নিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং ২৬ মার্চ ওই সহপাঠী শ্রেণীকক্ষে সাবিহাকে জড়িয়ে ধরে এবং অন্যরা এই দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে এই ছবি তারা নিজেদের মুঠোফোনে আদান-প্রদান করে। সাবিহার সহপাঠীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা তাদের কিশোর আদালতে বিচারের আবেদন করেছেন। আর দুই সাংবাদিককে প্রচলিত আদালতে বিচারের আবেদন করা হয়েছে।