দুই সাংবাদিককে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। ওই দুই সাংবাদিক শিবিরপন্থী বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশ পাওয়া ওই দুই সাংবাদিক হলেন আবু তাহের মো. সাত্তার ওরফে তাহের টোটন ও মোজাহিদুল ইসলাম টিটু। তাহের টোটন স্থানীয় দৈনিক শ্যামল সিলেট ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা এবং মোজাহিদুল ইসলাম টিটু দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তাঁরা উভয়ই নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার অনুমোদনহীন ব্যানার খুলতে যাওয়ার সময় প্রক্টর ও সহকারী প্রক্টরের সঙ্গে ওই দুই সাংবাদিক অসৌজন্যমূলক আচরণ করেন। তাই কেন তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।