দুই সাংবাদিককে মেরেছে ছাত্রলীগের কর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল রোববার রাতে ছাত্রলীগের কর্মীরা দুই সাংবাদিককে মারধর করেছে।আক্রান্ত সাংবাদিকেরা হলেন সাপ্তাহিক-এর নিজস্ব প্রতিবেদক আনিস রায়হান ও সাপ্তাহিক বুধবার-এর নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়েজ।সাপ্তাহিক-এর প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয় আহত সাংবাদিকদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে শাহবাগের ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন আনিস ও ফয়েজ। এ সময় ছাত্রলীগের এস এম হলের সভাপতি সাদিদ জাহান মোটরসাইকেলযোগে পেছন দিক থেকে এসে ঘন ঘন হর্ন বাজান। একপর্যায়ে মোটরসাইকেল প্রায় গায়ের ওপর তুলে দেওয়ার উপক্রম হলে দুই সাংবাদিক এর প্রতিবাদ করেন। তখন সাদিদ জাহান তাঁদের পরিচয় জানতে চান। সাপ্তাহিক-এর সাংবাদিক পরিচয় পেয়ে সাদিদ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের বিরুদ্ধে সংবাদ ছাপানোর কৈফিয়ত জানতে চান এবং গালাগালি করেন। এ সময় তিনি দুই সাংবাদিকের পরিচয়পত্র ছিনিয়ে নেন। এরই মধ্যে ছাত্রলীগের আরও ২০-২৫ জন কর্মী এসে তাঁদের কিল-ঘুষি মারে।পরে আহত দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক হাসপাতালে তাঁদের দেখতে যান।এ বিষয়ে ছাত্রলীগের এস এম হলের সভাপতি সাদিদ, কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।