জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল বের করেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে থাকা টহলরত পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কয়েকটি রাবার বুলেট ছোড়েন।
এ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ সজল ও দৈনিক সকালের খবর-এর প্রতিনিধি খালেদুন রাতুল ছবি তুলতে গেলে তাঁদের পরিচয় জানতে চান এসআই রাকিব।
আহমেদ সজল ও খালেদুন রাতুল অভিযোগ করেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও রাকিব তা কেড়ে নেন। তিনি তাঁদের গালাগাল করেন এবং গুলি করে হত্যা ও থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন।
এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্য সাংবাদিকেরা প্রধান ফটকের সামনে তাৎক্ষণিকভাবে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা জেলা পুলিশের ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখের নির্দেশে এসআই রাকিবের নেতৃত্বে থাকা টহলরত পুলিশের দলটিকে তাৎক্ষণিকভাবে প্রধান ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
এ সময় এএসপি রাসেল শেখ সাংবাদিক ও শিক্ষকদের সামনেই রাকিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে সাংবাদিকেরা উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপাচার্য যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ সদস্যদের গুলি বর্ষণ, পুলিশের হয়রানি ও প্রক্টরিয়াল বডির সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অর্ধশতাধিক সাংবাদিক দুপুর সাড়ে ১২টার দিকে মুখে কালো কাপড় বেঁধে অমর একুশের পাদদেশে মানববন্ধন করেন।
পুলিশের হয়রানি ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে গুলি বর্ষণের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, সাধারণ শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সাভার প্রেসক্লাব।
এ ব্যাপারে বক্তব্য জানতে এসআই রাকিবের মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন বন্ধ করে দেন।
যোগাযোগ করা হলে এএসপি রাসেল শেখ সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদককে বলেন, সকালে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিলে ওই দুই সাংবাদিকও দৌড় দেন। পুলিশ তাঁদের ধরলে তাঁরা সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা পুলিশের সঙ্গে তুমুল বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অন্য সাংবাদিকেরা এসেও তর্কে লিপ্ত হন। তিনি এসআই রাকিবকে অন্যত্র পাঠান।