দুই সাংবাদিকসহ চারজনকে মারধর করল ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া ‘স্বপ্নচূড়া’ বাসে দৈনিক মানবকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহাইল মিয়া ও আমাদের অর্থনীতির প্রতিবেদক নুর সোলাইমান এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মনজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হাফিজ তালুকদার যাত্রাবাড়ী যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী বাসে বিশৃঙ্খলা করেন। সাংবাদিকেরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে তাঁদের মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। পাশে বসা ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।