বাগেরহাটে সাইবার অপরাধের শিকার কিশোরী সাবিহা সুলতানা সাথীর (১৫) আত্মহনন মামলায় স্থানীয় দুই সাংবাদিকসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। তবে মামলার অপর চার আসামি সাবিহার সহপাঠীদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। সাবিহাকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলার অভিযোগপত্রের ওপর গতকাল বুধবার শুনানির দিন ধার্য ছিল। উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকা সব আসামিই এই দিন আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন জানান। বিচারক মো. আবুল বাশার মুন্সি শুনানি শেষে ওই তিনজনকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন এবং বাকিদের জামিন মঞ্জুর করেন। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার বাগেরহাট ব্যুরো প্রধান মোল্লা আবদুর রব (৫০) ও টেলিভিশন চ্যানেল মাই টিভির বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ (২৮) এবং সাবিহার আরেক সহপাঠী (১৬)। অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া চার আসামির সবাই ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থী। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ নভেম্বর বাগেরহাট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সিদ্দিক শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাবিহা আত্মহনন মামলায় ওই দুই সাংবাদিক ও পাঁচ সহপাঠীর বিরুদ্ধে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মুখ্য বিচারিক হাকিম আবু তাহের অভিযোগপত্রটি সেই দিনই নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে পাঠিয়ে দেন। বিশেষ আদালতে গতকাল এর ওপর শুনানি হয়। সাবিহার বাবা শেখ আলমগীর হোসেনের দায়ের করা এজাহার ও অভিযোগপত্রের ভাষ্য অনুযায়ী, মার্চ মাসে এক সহপাঠী সাবিহাকে প্রেমের প্রস্তাব দেয় এবং অপর চার সহপাঠীর সহযোগিতায় মুঠোফোনে তার কিছু আপত্তিকর ছবি তুলে তা নিজেদের মধ্যে বিনিময় করে। ঘটনাটি জানাজানি হলে ওই দুই সাংবাদিক সাবিহার বাড়িতে যান। তাঁরা এ বিষয়ে সাবিহার সঙ্গে কথা বলার জন্য তার বাবাকে প্রস্তাব দেন। তিনি এতে আপত্তি করলে তাঁরা তাঁদের সংগ্রহে থাকা ওই সব ছবি সংবাদমাধ্যমে ছাপিয়ে দেওয়ার হুমকি দেন। এসব ঘটনায় সাবিহা মানসিকভাবে বিপর্যস্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। পরে ২৪ মে দুপুরে স্যাভলন খেয়ে সাবিহা আত্মহত্যা করে।