দুই সাংবাদিকের জামিন ফের নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় কারাগারে আটক সমকাল এবং চ্যানেল েটায়েন্টিফোরের ঝালকাঠি জেলা প্রতিনিধি জিয়াউল হাসান ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহার জামিন আবেদন ফের নামঞ্জুর হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই দুই সাংবাদিকের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী পুট আপ দিয়ে (ধার্য তারিখের আগে নথি তলব করে) জামিনের আবেদন করেন। আদালতের হাকিম মো. আরিফুজ্জামান ১ সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য করলে আইনজীবীরা হইচই করেন এবং প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন। গত মঙ্গলবার একই আদালত দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুলাই ঝালকাঠির প্রথম শ্রেণির ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদারের বড় ভাই আমিনুল ইসলাম তালুকদার বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। ২৬ আগস্ট আদালত দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।