দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি ও সংবাদ পরিবেশন করে মানহানির অভিযোগে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। জেলা আমলি আদালতের ‘ক’ অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল অধিকারী এ আদেশ দেন।
আজ মঙ্গলবার আদালত-সংশ্লিষ্ট সূত্র মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা মোতাবেক মামলাটি খারিজ করা হয়।
মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলামকে আসামি করা হয়েছিল। স্থানীয় টি ইসলাম (তরিকুল ইসলাম) নামের এক ব্যবসায়ী ১ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি করেছিলেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন প্রায় সময় অকারণে বাদীর কাছে চাঁদা দাবি করতেন। তা না দেওয়ায় তিনি বাদীর বিভিন্ন ধরনের ক্ষতি করতেন। এর আগে ২৩ আগস্ট আনোয়ার হোসেনকে আসামি করে আরেকটি মামলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সহযোগিতা ও উসকানিতে আশরাফুল ইসলাম ওয়েবসাইটের মাধ্যমে বাদীর বিরুদ্ধে মনগড়া, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন। সংবাদটি ৩০ আগস্ট প্রথম আলো, স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র ও চাঁপাই দৃষ্টিতে প্রকাশিত হয়। এতে বাদীর সুনাম নষ্ট হয় এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।