পটুয়াখালীর দশমিনা উপজেলায় কর্মরত দুজন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দুমকি উপজেলার কর্মরত সাংবাদিকেরা।
বেলা ১১টার দিকে দুমকি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মো. জসীমউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
বক্তারা বলেন, দশমিনায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে দরিদ্র এক হিন্দু নারীকে হাত-পা বেঁধে নির্যাতনের সংবাদ প্রকাশ করায় স্থানীয় দুই সাংবাদিক দ্য এশিয়ান এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিপুণ চন্দ্র ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকেরা অবিলম্বে আইসিটি আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ১৬ মে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার গোলাম মোস্তফা বাদী হয়ে দ্য এশিয়ান এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিপুণ চন্দ্র ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির নামে দশমিনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তথ্য ও প্রযুক্তি আইন ২০১৬-এর ৫৭ ধারায় একটি মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অবৈধভাবে লাভবান হওয়ার আশায় গত ৮, ১১ ও ১২ মে যেকোনো সময়ে ১ নম্বর আসামির দশমিনার ভাড়াটিয়া বাসায় বসে তাদের নিজস্ব ফেসবুকে আমার বিরুদ্ধে ও দশমিনা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন, মানহানিকর ও উসকানিমূলক খবর লিখে ছড়িয়ে দেয়। ওই লেখায় আমার দাদা শান্তি রক্ষা কমিটির সদস্য ছিলেন ও হিন্দুদের জায়গা দখল করেছেন এবং বাড়িঘর লুটপাট করেছেন। সেই রক্ত আমার শরীরে প্রবহমান। ওই লেখার কারণে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অপূরণীয় ক্ষতি হয়েছে।
তবে সাংবাদিক নিপুণ চন্দ্র তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ‘আসলে গত ৮ মে দশমিনার পূর্ব আলীপুর গ্রামে সম্পত্তি দখলে বাধা দেওয়ায় কানন বালা নামের এক হিন্দু বিধবাকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে তথ্য ও ছবি সংগ্রহ করে সংবাদ প্রকাশ করি।’ তথ্য সংগ্রহকালে দখলে জড়িত ব্যক্তিদের লোকজন উপজেলার এক আওয়ামী লীগ নেতার নির্দেশে ঘর তুলছে বলে জানান। যার ভিডিও চিত্র সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ফেসবুকে বাদী শিকদার গোলাম মোস্তফার নাম উল্লেখ করে তিনি কখনো কোনো পোস্ট দেননি বলে দাবি করেছেন।
এদিকে সাংবাদিক সঞ্জয় ব্যানার্জি বলেন, আসলে ফেসবুকে তিনি আওয়ামী লীগের নেতা শিকদার গোলাম মোস্তফাকে নিয়ে কোনো দিন কোনো লেখা পোস্ট করেননি।
এ ব্যাপারে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর পুলিশ মামলাটি পর্যালোচনা শুরু করেছে এবং সঠিকভাবে পর্যালোচনার জন্য সময় বাড়ানোর আবেদন করে। তবে গত মঙ্গলবার আদালত এক আদেশে ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।