দুই সাংবাদিকের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত সাংবাদিক মো. শফিকুল ইসলাম ও কিশোর কুমার স্মরণে গতকাল বুধবার এক স্মরণসভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মন্ত্রী বলেন, ‘যাঁরা চলে গেলেন তাঁদের তো যাওয়ার কথা ছিল না। যিনি চলে যান তিনি কোথায় যান বা কীভাবে থাকেন, সেটা আমরা দেখি না। কিন্তু যাঁদের রেখে যান, তাঁদের তো বেদনার ভার বহন করতে হয়।’
কিশোর কুমার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে তো বটেই, সাংস্কৃতিক আন্দোলনে কিশোর আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও স্বল্পভাষী।’
মো. শফিকুল ইসলাম গত ১৮ জানুয়ারি এবং কিশোর কুমার গত ২ জুন মৃত্যুবরণ করেন। সে সময় শফিকুল জনকণ্ঠ ও কিশোর ভোরের কাগজ-এ কর্মরত ছিলেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী। প্রয়াত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কিশোর কুমারের মা মালতী রানী দাস, স্ত্রী অঞ্জনা রানী ঘোষসহ প্রয়াত দুজনের দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ।
শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কিশোর কুমারের স্ত্রীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন আসাদুজ্জামান নূর। এ ছাড়া জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থার নির্বাহী পরিচালক কামরুল হাসান ৫০ হাজার টাকার চেক তুলে দেন কিশোর কুমারের মায়ের হাতে।
এ সময় মো. শফিকুল ইসলামের পরিবারের কাউকে না পাওয়ায় অনুদান দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয় ডিআরইউর পক্ষ থেকে।