কুমিল্লা পৌরসভার বিভিন্ন সড়ক সংস্কার, নর্দমা ও প্রতিরোধ দেয়াল তৈরিসহ ৪২টি উন্নয়নমূলক কাজের মধ্যে ৪১টির কোনো ধরনের লটারি ছাড়াই সরকারদলীয় লোকজন ও পৌরসভার মেয়র ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ক্ষেত্রে কোনো ধরনের দরপত্র বিক্রি না করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১৫ জুন এসব কাজের কার্যাদেশ দেওয়া হবে। এদিকে বর্ষা মৌসুম চলে আসায় কাজগুলো এখনই শুরু করা যাচ্ছে না বলে পৌরসভা সূত্রে জানা গেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লা শহরের সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো কাদা-পানিতে ভরে আছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নর্দমাগুলো পরিষ্কার না করায় পানি উপচে সড়কে জমা হচ্ছে।কুমিল্লা পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ পৌরসভার ৪২টি উন্নয়নমূলক কাজের জন্য সোয়া দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ১৩ এপ্রিল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীরা ১৯টি, কুমিল্লা পৌর-সভার মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারীরা ১৪টি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মুজিবুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের অনুসারীরা বাকি আটটি কাজ পান। অন্য কাজটি নিয়ে সমঝোতা না হওয়ায় লটারির মাধ্যমে সেটি প্রথম দরদাতাকে দেওয়া হয়। এসব কাজ কম মূল্যে (লেসে) ভাগাভাগি করে নেওয়া হয়। পরে প্রতিটির দাম বাড়িয়ে নেওয়া হবে। গত ১৩ মে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক মো. আরিফের সভাপতিত্বে এক বৈঠকে এসব কাজের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। মো. আরিফ প্রথম আলোকে বলেন, ‘এমপি, সরকারদলীয় লোকজন ও মেয়র সাহেব কাজ ভাগাভাগি করে নিলে আমরা কী করতে পারি। এ ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে পৌরসভা। দরপত্র বিক্রি হলে পৌরসভার লাভ হতো।’ নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর বলেন, অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে কাজগুলো ভাগাভাগি করা হয়েছে। এভাবে কাজ ভাগাভাগি করে পৌরসভাকে দেউলিয়া করা হচ্ছে। রাজনীতিতে কিংবা দলীয় অন্তর্কোন্দল থাকলেও ভাগাভাগির রাজনীতিতে ওরা একাট্টা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, আগামী ১৫ জুন ওই কাজগুলোর কার্যাদেশ দেওয়া হবে। বর্ষা মৌসুমের আগে এসব কাজ শুরু করা যাবে না। বৃষ্টির কারণে এগুলো বর্ষা মৌসুমের পরে হবে। দরপত্র প্রক্রিয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পৌরসভার মেয়র মনিরুল হক সাক্কুর বলেন, ‘হানাহানি ও সংঘাতের আশঙ্কায় সবাই মিলে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছি। এতে কারো আপত্তি ছিল না। এই ঘটনায় পৌরসভার রাজস্ব ক্ষতি হবে। ইতিমধ্যে কয়েকটি কাজ শুরু হয়েছে।’শুষ্ক মৌসুমে পরিষ্কার না করায় গত কয়েক দিনের বৃষ্টিতে শহরের নর্দমাগুলো পানিতে ভরে গেছে। শহরের বাগিচাগাঁও, অশোকতলা, বিসিক শিল্পনগরী, ঝাউতলা, রেসকোর্স, দক্ষিণ চর্থা, মুরাদপুর ও ধর্মসাগর পাড়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়কের পাশের নর্দমাগুলো থেকে উপচে সড়কে পানি জমে গেছে। পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৪৭ কিলোমিটার সড়কের মধ্যে ৮০ কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। বিশেষ করে রানীরবাজার থেকে বাগিচাগাঁও বড় মসজিদ এলাকা, ঝাউতলা সড়ক, দক্ষিণ চর্থা, বাদুরতলা, রেসকোর্স ও রেলস্টেশন সড়কের অবস্থা খুবই খারাপ। এসব সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।