দুই সাংসদ-সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি দখল ও দখলে সহায়তার অভিযোগ কেন্দ্র করে দুই সাংসদের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। তাঁদের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও শক্তি প্রদর্শনের কর্মসূচিতে তেঁতুলিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁরা হলেন, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান এবং সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতার।দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সাংসদ ফরিদা আখতার আগামী জেলা আওয়ামী লীগের সম্মেলন ও সংসদ নির্বাচনে এ আসনে সরাসরি মনোনয়ন পেতে সাম্প্রতিক সময়ে নানা তৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি অপর সাংসদ মজাহারুল হক প্রধানকে বিতর্কিত করতে ও পেছনে ফেলতে প্রকাশ্য ও গোপনে তাঁর সমর্থকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। তাঁর সমর্থক তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান এলাকায় জমি দখলদার, সন্ত্রাসী ও মামলাবাজ হিসেবে সমধিক পরিচিত। এই কামরুজ্জামানের নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি শতাধিক লোক বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তাঁর একখণ্ড জমি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দখলের অভিযোগ করা হয়। এ কাজে সাংসদ মজাহারুল হক প্রধানের পৃষ্ঠপোষকতায় তাঁর ভাগনে ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়।পরে ৪ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেন। এ সময় মিছিলে সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতার ও তাঁর এক নিকটাত্মীয়কে কামরুজ্জামানের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করা হয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। সাংসদ ফরিদা আকতার মুঠোফোনে বলেন, ‘ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের অন্যায় কর্মকাণ্ডে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেউ কেউ দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে।’ সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, ‘যে যার মতো করে সুবিধা পেতে ও স্বার্থ হাসিল করতে আমার সম্পর্কে নানা অপপ্রচার চালাচ্ছে। এলাকার লোকজন ও দলীয় নেতা-কর্মীরা এসব ভালো জানেন। ’ইউপি চেয়ারম্যান কামরুজ্জান বলেন, ‘কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখলের ঘটনায় আমি ও আমার পরিবারের কেউ জড়িত নই। আত্মরক্ষার জন্য কারও কারও বিরুদ্ধে দু-একটি মামলা করেছি।’