দুই সাংসদই চান উদ্বোধন করতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নবনির্মিত চুমুরদী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন উদ্বোধনের জন্য একই দিনে পৃথক কর্মসূচি ঘোষণা করেছেন দুই সাংসদ। এ দুজন সাংসদ হলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ (স্বতন্ত্র) মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ বেগম নিলুফার জাফর উল্যাহ।
মজিবুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব মো. জিয়াউল করিম ফিরোজ স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, ফরিদপুর-৪ আসনের সাংসদ ৬ আগস্ট (আজ বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গার চুমুরদী ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন।
নিলুফার জাফর উল্যাহর কার্যালয়ের সহকারী কর্মকর্তা (প্রশাসন) মো. আলাউদ্দিন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, মহিলা আসন-২৫-এর সাংসদ ৬ আগস্ট বেলা সাড়ে তিনটায় চুমুরদী ইউপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন।
চুমুরদী ইউপির চেয়ারম্যান নাসিম শিকদার বলেন, দুই সাংসদ একই কর্মসূচি দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার মুরব্বিরা সংঘাত চান না। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সংঘাত এড়াতে সমঝোতার চেষ্টা করছে।
ইউএনও মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংঘাত এড়াতে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি ভবনটি কে উদ্বোধন করবেন। তবে আমরা আশা করছি, সমঝোতার পথ পাওয়া যাবে।’
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী। পরে কাজী জাফর উল্যাহর স্ত্রী সাবেক সাংসদ নিলুফার জাফর উল্যাহ মহিলা সংসদ মনোনীত হন। এরপর থেকে এ সংসদীয় এলাকায় কাজী জাফর উল্যাহ ও মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।