দুই সাংসদের অভিযোগের শুনানি করেনি ইসি
বেসরকারিভাবে নির্বাচিত যশোরের দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হয়নি। নির্বাচন কমিশন বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে। একই সঙ্গে কমিশন এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলের জবাব দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার নির্বাচন কমিশনে সরকারি দলের যশোর-১ আসনের প্রার্থী আফিল উদ্দিন ও যশোর-২ আসনের প্রার্থী মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগে বিষয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় বেলা ১১টার আগেই দুই প্রার্থী নিজস্ব আইনজীবীসহ কমিশন সচিবালয়ে হাজির হন। কিন্তু কমিশন শুনানি করবে না জানার পর তাঁরা ফিরে যান।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, দুই প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রিট করেছেন। হাইকোর্ট জানতে চেয়েছেন, কেন তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে ২৯ জানুয়ারির মধ্যে কমিশনকে জবাব দিতে বলেছেন। আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে ৫ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। সে জন্য কমিশন নিজস্ব শুনানি না করার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন এ মামলায় পক্ষ হবে। তার আগে যশোর থেকে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। সে জন্য আদালতের কাছে সময় চাওয়া হবে।
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। তার আগে ১ জানুয়ারি জনৈক শাহিন উল কবীর এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। তাতে বলা হয়েছে, দুই প্রার্থী দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি কেন্দ্রে ১০০ জন কর্মী কেন্দ্র দখল করবে। দুপুর ১২টার মধ্যে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করবে।
কমিশন এই অভিযোগের ভিত্তিতে একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। যার পরিপ্রেক্ষিতে কমিশন নবনির্বাচিত এই দুই সাংসদের নাম গেজেটে প্রকাশ করেনি। উল্টো ৭ জানুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবে আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম অভিযোগ অসত্য বলে দাবি করেন। তবে কমিশন তাঁদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। সে জন্য কমিশন তাঁদের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেন।