দুপচাঁচিয়ায় বিদ্যালয়ের কমিটি গঠন অনিশ্চিত
দুই সাংসদের ডিও লেটারে প্রধান শিক্ষকেরাদ্বিধায়
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকেরা।
ব্যবস্থাপনা কমিটিতে বিদ্যোৎসাহী নারী ও পুরুষ সদস্যদের মনোনয়ন এলাকার সাংসদের পরামর্শে হওয়ার বিধান থাকায় স্থানীয় বিএনপির সাংসদ এবং সংরক্ষিত আসনের সরকারদলীয় নারী সাংসদ তাঁদের মনোনীত ব্যক্তিদের নামে প্রত্যেক বিদ্যালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছেন। দুই সাংসদের মনোনীত ব্যক্তিদের নাম পাওয়ায় প্রধান শিক্ষকেরা চাপের মুখে পড়েছেন। এতে উপজেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৬৪টি সরকারি ও ২০টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে এ মাসের প্রথম সপ্তাহে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে একজন নারী ও একজন পুরুষ বিদ্যোৎসাহীর পদ রয়েছে। স্থানীয় বিএনপির সাংসদ আবদুল মোমেন তালুকদার সবগুলো বিদ্যালয়ে তাঁর মনোনীত দুজনের নামসংবলিত ডিও লেটার পাঠিয়েছেন। সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সাংসদ আহমেদ নাজমীন সুলতানা চারটি বাদে সবগুলো বিদ্যালয়ে তাঁর মনোনীত ব্যক্তিদের নাম দিয়েছেন। নারী সাংসদ যে চারটি বিদ্যালয়ে তাঁর তালিকা দেননি ওই সব বিদ্যালয় ইতিমধ্যে কমিটি গঠনের জন্য কাগজপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘কমিটি গঠন নিয়ে কোনো অঘটন ঘটলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধস নামবে।’ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, এবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি নিয়োগ করা হবে। এ কারণে লাভবান হতে সবাই কমিটিতে থাকতে চাচ্ছেন।
আবদুল মোমেন তালুকদার বলেন, ‘প্রজ্ঞাপন মোতাবেক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছি। সরকারি দলের সাংসদকে এ বিষয়ে উকিল নোটিশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন না মানলে আদালতের আশ্রয় নেওয়া হবে।’
আহমেদ নাজমীন সুলতানা বলেন, ‘সরকার আমাকে এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়েছে। সে কারণে আমি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিদের মনোনয়ন দিয়েছি।’