দুই সাংসদের দ্বন্দ্বে উন্নয়ন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলাবাসীর অভিযোগ, তাঁরা উন্নয়নবঞ্চিত হয়েছেন এই আসনের (নীলফামারী-১) নির্বাচিত জাতীয় পার্টির (জাপা) সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী ও সংরক্ষিত আসনের সাংসদ হামিদা বানুর দ্বন্দ্বের কারণে।
ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান প্রথম আলোর অভিযোগ করেন, ওই দুই সাংসদের দ্বন্দ্বের কারণে ডোমার ও ডিমলা উপজেলায় সাড়ে চার বছর ধরে উন্নয়ন ব্যাহত হচ্ছে। চিলাহাটি-ঢাকা রেলপথে নীলসাগর ট্রেনটি চালু হওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হলেও কে উদ্বোধন করবেন, এই দ্বন্দ্বে সেটি এখন পর্যন্ত চালু হলো না।
২১ ফেব্রুয়ারি ও ১৬ ডিসেম্বর শহীদ মিনারে ও স্মৃতিসৌধে কে আগে ফুল দেবেন—এ নিয়েও প্রতিবারই তাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়। উপজেলা পরিষদের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন নিয়ে দ্বন্দ্ব হয়েছে। শইল্লার ঘাট সেতুর উদ্বোধনের সময়ও একই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি।
মতিউর রহমান বলেন, ‘তাঁদের দ্বন্দ্ব সামাল দিতে আমাদের দৌড়ঝাঁপ করতে হয়। তাঁরা এসব কাজে যে শক্তি নিয়োগ করেছেন, এই শক্তি ঢাকায় প্রয়োগ করলে এলাকায় অন্তত দুটি রাস্তা হতো। জাফর ইকবাল সিদ্দিকী মহাজোটের সাংসদ হলেও কাজের বেলায় তিনি জাতীয় পার্টির বাইরে যান না। এবার তিনি মহাজোটের প্রার্থী হলে অনেক মূল্য দিতে হবে।’
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদ আহম্মেদ বলেন, দ্বন্দ্ব না থাকলে ওই দুই সাংসদ এলাকায় অনেক উন্নয়ন করতে পারতেন। ডোমার উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বলেন, দুই সাংসদের দ্বন্দ্বের কারণে ডোমার ও ডিমলার উন্নয়ন হচ্ছে না।
জানতে চাইলে সাংসদ হামিদা বানু বলেন, ‘মহিলা এমপিদের কোনো ক্ষমতা নেই। এলাকার উন্নয়ন না হওয়ার ক্ষেত্রে নির্বাচিত সাংসদ দায়ী বলে আমি মনে করি।’ দ্বন্দ্বের কথা সরাসরি স্বীকার না করলেও সম্পর্কের মাপকাঠিতে তাঁদের অবস্থান ‘জিরো’ বলে দাবি করেন সাংসদ হামিদা বানু। তিনি বলেন, এটা কোনো দ্বন্দ্ব নয়। জাফর ইকবাল সিদ্দিকী এখানে আধিপাত্য বিস্তার করতে চান। তিনি আওয়ামী লীগকে দেখতে পারেন না।
তবে সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী দাবি করেন, তাঁর এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। ডোমার এবং ডিমলার ৭০ শতাংশ রাস্তাঘাটসহ রেললাইন, স্কুল-কলেজের ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি চিলাহাটি থানার ব্যাপারে কাজ করেছি, স্থলবন্দরের ব্যাপারে ভারত রাজি না হলে কিছুই করার নেই। ভারতকে রাজি করানোর ব্যাপারে আমরা ১২ সদস্যের দল দিল্লি, আসাম ও পশ্চিমবঙ্গে গিয়েছি। আশা করি, তারা সম্মত হবে।’
সাংসদ হামিদা বানুর সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে জাফল ইকবাল সিদ্দিকী বলেন, ‘তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে বলে মনে করি না।’ আওয়ামী লীগকে পছন্দ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডোমার-ডিমলায় আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির যতটা ভালো সম্পর্ক রয়েছে, তা অন্য কোথাও নেই।