দুই সাংসদের দ্বন্দ্বে ফেরত গেল কাবিখা ও টিআরের চাল-গম
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কাবিখা ও টিআরের এক হাজার ৭৫ মেট্রিক টন চাল ও গম ফেরত গেছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপিদলীয় সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন ও ওই এলাকার সংরক্ষিত নারী সাংসদ জোবেদা খাতুন ভিন্ন ভিন্ন প্রকল্প জমা দেওয়ায় এসব খাদ্যশস্য ফেরত গেছে। এ নিয়ে সাংসদ মোফাজ্জলের অনুসারীরা হাইকোর্টে তিনটি রিট ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে উকিল নোটিশ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ১ জুলাই কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান প্রকল্পের মেয়াদ পার হয়ে যাওয়ায় বরাদ্দকৃত খাদ্যশস্য বাতিল করেন। এ অবস্থায় ওই উপজেলার ২২ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ থেমে গেছে। আর এর সুফল থেকে বঞ্চিত হয়েছেন ওই উপজেলার বাসিন্দারা।কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকাভিত্তিক মুরাদনগর উপজেলায় প্রথম পর্যায়ে কাবিখার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। একই অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে কাবিখার ২৫০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। তা ছাড়া একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে টিআরের ৩০০ মেট্রিক টন চাল এবং দ্বিতীয় পর্যায়ে ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কাবিখার প্রথম পর্যায়ে ৩৮টি ও দ্বিতীয় পর্যায়ে ২৬টি এবং টিআরের প্রথম পর্যায়ে ২৩৪টি, দ্বিতীয় পর্যায়ে ১৯০টিসহ মোট ৪৮৮টি প্রকল্প জমা দেন সাংসদ মোফাজ্জল। একই সঙ্গে ওই এলাকার আওয়ামী লীগদলীয় সংরক্ষিত আসনের নারী সাংসদ জোবেদা খাতুনও সংশ্লিষ্ট খাতে প্রকল্প জমা দেন। এ অবস্থায় জেলা প্রশাসন বরাদ্দ দিতে গিয়ে বিপাকে পড়ে। পরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর নারী সাংসদকে দিয়ে প্রকল্প বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেয়। জেলা প্রশাসনের ওই চিঠির পরিপ্রেক্ষিতে সাংসদ মোফাজ্জল বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষে হাইকোর্টে তিনটি রিট দায়ের করা হয়; একই সঙ্গে একটি উকিল নোটিশও পাঠানো হয়।জানতে চাইলে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘কাবিখা ও টিআরের ওই বরাদ্দগুলো নির্বাচিত সাংসদের নামে বরাদ্দ ছিল। সাংসদ অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এ অবস্থায় ওই এলাকার নারী সাংসদকে ওই বরাদ্দ দিতে ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী কাজ করতে গেলে সাংসদ মোফাজ্জলের অনুসারীরা হাইকোর্টে রিট করেন। এ অবস্থায় প্রকল্পগুলো বাস্তবায়নের সময় গত ৩০ জুন শেষ হয়ে যায়। যে কারণে আমরা মুরাদনগর উপজেলায় বরাদ্দ দিতে পারিনি। কুমিল্লার অন্য ১৫টি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে।’সাংসদ জোবেদা খাতুন বলেন, ‘প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চেয়েছিলাম; কিন্তু আইনগত জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি।’রিটকারী সাংসদ মোফাজ্জলের মামা মুরাদনগরের জাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহাম্মদ মীর বলেন, ‘সাংসদ অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন। তাঁর দেওয়া প্রকল্প বাস্তবায়ন না করে অন্যেরটা করা যুক্তিযুক্ত ও পরিপত্র অনুযায়ী হয়নি। এ জন্য আমরা রিট করি।’ কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান বলেন, ‘গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। প্রকল্প বাস্তবায়ন নিয়ে আইনগত জটিলতা দেখা দেওয়ায় আমরা বরাদ্দ বাতিল করতে বাধ্য হই।’