দুই সাংসদের বাসায় চুরি-ডাকাতির ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সরকারি দলের দুই নারী সাংসদের রাজধানীর বাসায় চুরি ও ডাকাতির ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।সূত্রাপুর থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে চোরেরা গ্রিল কেটে সাংসদ রওশন জাহান সাথীর ১৪/৩ অভয় দাস লেনের দ্বিতীয় তলার বাসায় ঢুকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও তিন হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় সাংসদ রওশন জাহান সাথীর দেবর কাজী মাসুদ বাদী হয়ে থানায় চুরির মামলা করেন। এজাহারে অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাংসদের বাসায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এদিকে ১৩ দিনেও আরেক সাংসদ শাহিদা তারেখ দীপ্তির পল্লবীর বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।৯ জানুয়ারি গভীর রাতে ৩৪/২ পল্লবীর আবাসিক এলাকায় সাংসদ শাহিদা তারেখ দীপ্তি ও তাঁর বাড়ির মালিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়। ১০ জানুয়ারি ভোর পর্যন্ত ডাকাতেরা দুটি বাসায় ডাকাতি করে। ডাকাতেরা দুই বাসা থেকে ছয় লাখ টাকা এবং ৮০ ভরির বেশি স্বর্ণালংকার লুট করে।পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন, ডাকাতচক্র ইতিমধ্যে শনাক্ত হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে লুট করা টাকা ও অলংকার উদ্ধার করা যাবে বলে তিনি জানান। সংশোধন: গতকাল শনিবার প্রথম আলোতে ভুলবশত পল্লবীতে আবারও এক নারী সাংসদের বাসায় চুরি শিরোনামে একটি খবর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনাটি ঘটে সূত্রাপুরের অভয় দাস লেনে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।