দুই সাংসদের বিরুদ্ধে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও অচলাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দলে অচলাবস্থার জন্য তাঁরা দলীয় দুই সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও গোলাম সবুরকে দায়ী করেন। সভায় এক নেতার বক্তব্য নিয়ে উত্তেজনা দেখা দেয়।সোমবার বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু কমপ্লেক্সে আয়োজিত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে বর্ধিত সভার শুরুতে ছয়টি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় ৩৪ নেতা বক্তব্য দেন। পরে উন্মুক্ত আলোচনায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন কথা বলতে চাইলে তাঁদেরকে থামিয়ে দেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ। এ সময় মোশারফ হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘বরগুনায় আগামী নির্বাচনে দলের ভরাডুবি হলে এর জন্য দায়ী থাকবেন দলের দুই সাংসদ।’ আমতলী উপজেলা কমিটির সভাপতি জি এম দেলোয়ার সাংসদ ধীরেন্দ্র দেবনাথকে উদ্দেশ করে বলেন, ‘সিভিল সার্জন অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে আমি আপনার কাছে পাঁচটি নাম দিয়েছিলাম। তাদের একজনেরও চাকরি হয়নি। চাকরি হয়েছে বিএনপির লোকদের। এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কারণ দলীয় কর্মী না বাঁচলে দল বাঁচবে না, আর দল না বাঁচলে আমরা কেউ বাঁচতে পারব না।’জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার বলেন, ‘দল সাংসদদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দল এখন নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি এক বছরেও। এভাবে দল চলতে পারে না।’ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মোল্লা বলেন, ‘বরগুনায় ছাত্রলীগের এই দুরবস্থার জন্য দুই সাংসদ ও জেলা সাধারণ সম্পাদক দায়ী। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনৈক্য দলকে ক্ষতিগ্রস্ত করছে।’পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানূর রহমান স্থানীয় সাংসদ গোলাম সবুরকে উদ্দেশ করে বলেন, ‘তিনি ও তাঁর বড় ভাই উপজেলা নির্বাচনে আমার বিরোধিতা করেছেন। গত তিন বছরে একটিবারের জন্যও আমাকে সাংগঠনিক কোনো কাজে ডাকা হয়নি। দলের ত্যাগী নেতাদের উপেক্ষা করে সুবিধাবাদী ও সাংসদের অনুগতদের দিয়ে দল চালানো হচ্ছে। এ অবস্থা নিরসন না হলে আগামী নির্বাচনে তার ফলাফল পাওয়া যাবে।’এর জবাবে সাংসদ গোলাম সবুর তাঁর বক্তব্যে শওকত হাচানূর রহমানকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে ও বহিষ্কারের দাবি জানিয়ে বলেন, ‘ওনার কাছে এ যাবৎকালে পাথরঘাটার কোনো এমপিই ভালো নন। এখন আমাকে বদমাশ বলা হচ্ছে।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে বিভিন্ন সমস্যা আছে। সেসব সমস্যা থেকে উত্তরণ দরকার। এ ক্ষেত্রে এমপি সাহেবদের ব্যর্থতা আছে। এমপি সাহেবরা দলের কোনো কর্মকাণ্ডে যান না। দল এখন এমপি লীগে পরিণত হয়েছে।’সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কোনো শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের বিভেদ ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।