দুই সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার দুই সাক্ষীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার।
এই মামলার সাক্ষী মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি মাঈনুল ইমরান চৌধুরী ও সাবেক হিসাবরক্ষক জাকারিয়া খানকে গতকাল আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তিনি অসুস্থ। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন।
মাঈনুল ইমরান চৌধুরী, জাকারিয়া খান ও সোস্যাল ইসলামী ব্যাংকের এসইভিপি জিয়াউদ্দিন এস ঘূর্নি ১২ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল এই দুই মামলায়ই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে কেবল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানি হয়। এই মামলায় এ পর্যন্ত ২০ জন সাক্ষ্য দিয়েছেন, তাঁদের মধ্যে গতকাল পর্যন্ত ১৭ জনের জেরা সম্পন্ন হয়েছে।
আসামিপক্ষে গতকালও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলায় বাদীর যে সাক্ষ্য নেওয়া হয়েছে, তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়েছে। ওই পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা হোক। আদালত এই আবেদন মঞ্জুর করে উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য ৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।