দুই সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় আজ সোমবার র‍্যাব-১১–এর তৎকালীন দুই সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরে তাঁদের জেরাও সম্পন্ন হয়।

জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত।

সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী বলেন, সকালে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কারাগারে থাকা ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার আজকের কার্যক্রম শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

পিপি ওয়াজেদ আলী বলেন, র‍্যাব-১১–এর তৎকালীন সদস্য ল্যান্স নায়েক নাজিমউদ্দিন ও সৈনিক মিলন হোসেনের সাক্ষ্য আজ গ্রহণ করা হয়েছে। সাত খুনের সঙ্গে কে কে জড়িত ছিলেন, কার কী ভূমিকা ছিল—এসবের বিস্তারিত বর্ণনা তাঁরা দিয়েছেন। আজকের এই সাক্ষ্য মামলার বিচারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় ১২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৭৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নজরুল ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক হত্যার ঘটনায় আরেকটি মামলা হয় ফতুল্লা মডেল থানায়। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।