২১ এপ্রিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘কাজ পেতে ১২% পর্যন্ত ঘুষ দিতে রাজি ছিল লাভালিন’ শীর্ষক প্রতিবেদনের নিজেদের নামের অংশ নিয়ে আলাদা আলাদা প্রতিবাদ জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে কথিত দুর্নীতির ষড়যন্ত্রে আমি জড়িত নই। ঘুষ দিয়ে কাজ পাওয়ার ইচ্ছে কেউ করতে পারে—এর অর্থ এই নয়, আমি তাতে সাড়া দিয়েছি। কেউ ডায়েরিতে কিছু লিখে রাখলেই প্রমাণ হয় না যে, আমি তার কাছে অনৈতিক দাবি করেছি। অথচ নানা অছিলায় আমাকে অভিযুক্ত করে প্রতিবেদন লেখা হচ্ছে এবং দোষী সাব্যস্ত করা হচ্ছে। এটা আমার সততার প্রতি পত্রিকার একধরনের আগ্রাসন।’ পৃথক এক প্রতিবাদপত্রে আবুল হাসান চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে আমি কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করিনি। একজন ঘনিষ্ঠ মুরব্বি অনুরোধ করায় লাভালিনের তিন কর্মকর্তাকে নিয়ে সৈয়দ আবুল হোসেনের সঙ্গে সৌজন্য দেখা করি। মন্ত্রী আশ্বস্ত করেন যে, দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের সুযোগ নেই। এর বাইরে কোনো সুপারিশ বা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা বা কোনো ইঙ্গিতও আমি করিনি। লাভালিনের কর্মকর্তার ডায়েরির সূত্র ধরে যে সংবাদ পরিবেশিত হচ্ছে, তাতে আমি ক্ষুব্ধ ও মর্মাহত। ব্যক্তিগত ডায়েরির লেখাকে অকাট্য দলিল হিসেবে গ্রহণ করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা বা মনগড়া সংবাদ পরিবেশন করা সুষ্ঠু সাংবাদিকতার পরিপন্থী বলে আমি মনে করি।’