দুই সামরিক শাসনামলের অধ্যাদেশ সংশোধন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জারি করা ১৭২টি অধ্যাদেশের মধ্যে অকার্যকর কিছু অধ্যাদেশ বাদ দিয়ে কার্যকর অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি দিতে দুটি বিশেষ বিধান আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে (১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত) জারি করা ৯১টি এবং হুসেইন মুহম্মদ এরশাদের (১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত ) সময়ে জারি করা ৮১টিসহ মোট ১৭২টি অধ্যাদেশের মধ্য থেকে কিছু অধ্যাদেশ কার্যকর করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ১৭২টি আইনের বেশ কিছু অধ্যাদেশ ইতিমধ্যে তার কার্যকারিতা হারিয়েছে। বাকিগুলো সমন্বিত করে দুটি আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পঞ্চম ও সপ্তম সংবিধান সংশোধনী হাইকোর্টের রায়ের আলোকে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) অধীনে বাস র্যাপিড ট্রানজিট বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গঠনের প্রস্তাব, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত গণপরিবহন ব্যবস্থা হিসেবে বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি) গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।মন্ত্রীদের সুবিধা বৃদ্ধির প্রস্তাব নাকচ: মন্ত্রিসভায় ‘দ্য প্রাইম মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধন আইন, ২০১৩ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টে অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধন আইন, ২০১৩’ দুটি আইনের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। এ প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রী তাঁর স্বেচ্ছাধীন তহবিলের প্রস্তাব বড়ানোর বিষয়ে সম্মত না হওয়ায় তা অনুমোদন হয়নি। প্রধানমন্ত্রীর দৈনিক ভ্রমণ ভাতা বৃদ্ধির প্রস্তাবটিও অনুমোদন দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর আর্থিক সুবিধা বাড়ানোর বিরোধিতা করে বলেছেন, এসব সুবিধা বাড়ানো হলে ‘টক শো’ওয়ালাদের খোরাক বাড়বে। তারা সরকারের সমালোচনার সুযোগ পাবে। তাই এ মুহূর্তে এই ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজন নেই। মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধন আইন, ২০১৩ প্রসঙ্গে সচিব বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের স্বেচ্ছাধীন তহবিল সাড়ে চার লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। ওয়াক্ফ সংশোধন অ্যাক্ট: ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি কেন্দ্রের অনুমোদন ছাড়া হস্তান্তর করা যাবে না—এমন বিধান রেখে ওয়াক্ফ (অ্যামেন্ডমেন্ট) আইন, ২০১৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।