দুই সিটিকে অভিনন্দন জানিয়েছে ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা-পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে সময়োপযোগী, কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অভিনন্দন জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ডিসিসিআই বলছে, কিছু কিছু এলাকায় বৃষ্টির পানি জমে থাকলেও বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশন বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নগরবাসীর নিরাপদ, সুন্দর ও সুস্থ জীবন যাপন নিশ্চিত করতে দুই সিটি করপোরেশন সারা বছর এ ধরনের উদ্যোগ অব্যাহত এবং তা বাস্তবায়নে আরও কার্যকর পরিকল্পনা নিতে উদ্যোগী হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে। ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বছর দেশবাসী বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বেশ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছে। মহাসড়কগুলোর কিছু কিছু স্থানে যানজট থাকা সত্ত্বেও দেশের মানুষ বেশ নিরাপদেই নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছে এবং পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পেরেছে। তবে দেশের সর্বত্র নির্বিঘ্নে যাতায়াত করতে মহাসড়কগুলোর সমন্বিত ও টেকসই উন্নয়নের দিকে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। বাসস।