প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকে হাজি মো. সেলিম সরে দাঁড়ালেও দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন রয়ে গেছে। একইভাবে ঢাকা উত্তরে আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী প্রার্থী হওয়ায় সেখানেও দলে অস্বস্তি আছে।
হাজি মো. সেলিম গতকাল বৃহস্পতিবার চিকিৎসার কথা বলে ভারতের মাদ্রাজ গেছেন। সেখান থেকে আজমির শরিফ ঘুরে দেশে ফিরবেন বলে জানা গেছে। দক্ষিণ সিটি করপোরেশনে হাজি সেলিমের একটা ভোটব্যাংক থাকায় তাঁর সহযোগিতা ছাড়া সেখানে দল-সমর্থিত প্রার্থীর জয় কঠিন বলে মনে করেন নেতারা।
একইভাবে ঢাকা উত্তরে আনিসুল হক অরাজনৈতিক প্রার্থী। সেখানে দলের সাবেক সাংসদ কবরী প্রার্থী হওয়ায় এ নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে অস্বস্তি আছে। এ অবস্থায় দলীয় ঐক্য সুসংহত না হলে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় কঠিন হবে বলে মনে করছেন নেতারা।
দলীয় সভানেত্রী শেখ হাসিনা আজ রাতে গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব নেতা, সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডেকেছেন। তিনি সেখানে ঐক্যবদ্ধভাবে দুই প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিতে পারেন। এ ছাড়া হাজি মো. সেলিম দলীয় নির্দেশ মেনে নেওয়ায় তাঁকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে। কবরীকেও প্রার্থিতা প্রত্যাহার করে আনিসুল হকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হতে পারে।
কবরী মেয়র পদপ্রার্থী হওয়ায় দলীয় নেতারা এটাকে কোন্দল মনে না করলেও তাঁরা চাচ্ছেন না, কেউ প্রার্থী হয়ে আওয়ামী লীগের ভোটে ভাগ বসাক। প্রধানমন্ত্রী এ বিষয়ে আজকালের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারেন।
ছাত্রলীগকে দ্রুত কাউন্সিল করার নির্দেশ: দ্রুত কাউন্সিল করে ছাত্রলীগের বর্তমান নেতাদের সাবেক হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংগঠনের সাবেক নেতাদের কাউন্সিলর প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। এ সময় প্রধানমন্ত্রী দ্রুত কাউন্সিল করে তাঁকেও সাবেক হওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তাড়াতাড়ি কাউন্সিল দাও, কমিটি দিয়ে তোমরাও সাবেক হও।’
জবাবে নাজমুল বলেন, ‘আপনি যখন বলবেন, তখনই কাউন্সিল হবে।’ এ সময় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ উপস্থিত ছিলেন।
২০১১ সালের জুলাই মাসে ছাত্রলীগের সর্বশেষ কাউন্সিল হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক হন সিদ্দিকী নাজমুল আলম। দুই বছর মেয়াদের কমিটির এখনো কাউন্সিল হয়নি।