দুই সিটিতে মশক নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশক নিধন অভিযানে মেয়র আনিসুল হক। গতকাল মোহাম্মদপুরে l বিজ্ঞপ্তি
মশক নিধন অভিযানে মেয়র আনিসুল হক। গতকাল মোহাম্মদপুরে l বিজ্ঞপ্তি

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গতকাল মঙ্গলবার পৃথক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি

চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গতকাল বেলা ১১টায় ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে শোভাযাত্রা এবং মশার ওষুধ ছিটানো হয়েছে।

ডিএসসিসির অঞ্চল-৪–এর উদ্যোগে শোভাযাত্রা হয়েছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। এতে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নগরবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টায় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তি মিলবে। এ জন্য সচেতনতার বিকল্প নেই।

শোভাযাত্রায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অঞ্চল-৪–এর সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

কলাবাগান, শুক্রাবাদ ও মিরপুর রোডে জনসচেতনতামূলক শোভাযাত্রা করেছে ডিএসসিসির ১৭ নম্বর ওয়ার্ড। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

লালবাগে ডিএসসিসির অঞ্চল-৩–এর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি আজিমপুর রোড, আজিমপুর কবরস্থান, আমতলা রোড, ছাপড়া মসজিদ ও লালবাগ রোড প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সময় সড়কের দুপাশে নালা ও ঝোপঝাড় এবং পরিত্যক্ত গাড়িতে মশার ওষুধ ছিটানো হয়।

যাত্রাবাড়ীতে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। শোভাযাত্রার সময় বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করা হয়। পরে সমাবেশে বক্তারা চিকুনগুনিয়া প্রতিরোধে বৃষ্টির পর রাস্তায় জমে থাকা পানিসহ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবরের নেতৃত্বে কামরাঙ্গীরচরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাইদুল ইসলাম মাদবর বলেন, ‘আমার এলাকায় চিকুনগুনিয়ার তেমন প্রভাব নেই। তবে সাধারণ ভাইরাস জ্বরকে মানুষ চিকুনগুনিয়া মনে করে আতঙ্কিত হয়ে পড়ছে।’

ডিএনসিসি

চিকুনগুনিয়া প্রতিরোধে গতকাল মোহাম্মদপুর এলাকায় শোভাযাত্রা ও বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। শোভাযাত্রার আগে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তিন গুণ বাড়ানো হয়েছে। তবে চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। কোনো পাত্রে তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। ভবিষ্যতে চিকুনগুনিয়া রোধে আরও অধিকতর কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ পরিচালনা করতে হবে।

শোভাযাত্রা শেষে নাগরিকদের মাঝে প্রচারপত্র বিলি করেন মেয়র।