ঢাকনা ছাড়া বর্জ্য পরিবহন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে যাচ্ছে বর্জ্যবাহী ট্রাক। রাজধানী সুপার মার্কেটের পাশ থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে যাচ্ছে বর্জ্যবাহী ট্রাক। রাজধানী সুপার মার্কেটের পাশ থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্ধারিত সময়ে (রাত ১০টা থেকে সকাল ৬টা) এবং ঢাকনা ছাড়া ট্রাক বা ভ্যান দিয়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহন বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকনাবিশিষ্ট যানবাহন দিয়ে নির্ধারিত সময়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ৪৫ দিনের মধ্যে আদালতকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন গতকাল রোববার রিট আবেদনটি করেন। এর ওপর আজ শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও মাহফুজুর রহমান মিলন। সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

‘শহরে বর্জ্য ছড়াচ্ছে ৩৭৮ খোলা ট্রাক’ শিরোনামে গত ৯ সেপ্টেম্বর এবং ‘দূরপাল্লার বাস ও বর্জ্যবাহী গাড়িতে সকালেই যানজট’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে দুটি প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া ৩ অক্টোবর একটি ছবি ছাপা হয়। এসব যুক্ত করে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

রুলে নির্ধারিত সময়ে ও ঢাকনাবিশিষ্ট ট্রাক বা ভ্যান দিয়ে বর্জ্য পরিবহনে ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ ১৫ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ১০ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে।