দুই সিবিএ নেতার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্ত দাবি
চট্টগ্রামের দুই সিবিএ নেতার বিরুদ্ধে করা ধর্ষণ ও নবজাতক হত্যা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছে চট্টগ্রাম মহিলা পরিষদ। একই সঙ্গে ঘটনার শিকার নারীকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহিলা পরিষদের সভানেত্রী লতিফা কবির লিখিত বক্তব্যে অভিযোগ করেন, চাকরির প্রলোভন দেখিয়ে একজন নারীকে ধর্ষণ করেন যমুনা অয়েলের সিবিএ সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুব। একপর্যায়ে তিনি গর্ভধারণ করলে চাপের মুখে পড়ে যমুনা অয়েলের সিবিএর সভাপতি গোপনে নারীটিকে বিয়ে করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। আদালত মামলাটি আমলে নিয়ে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন। কিন্তু থানা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। একদিকে তদন্তের বিলম্বের কারণে শিশুটির মৃত্যুর আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে আসামিদের হুমকি ও চাপে বাদী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
ভুক্তভোগী নারীটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পাশাপাশি সবার প্রতি আহ্বান জানায় মহিলা পরিষদ।