দুই সুপার শপকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুটি সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার নগরের জিইসি মোড়ে অবস্থিত ওয়াল মার্টকে ৫০ হাজার এবং প্রবর্তক মোড়ের আগোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবদীন আদালত পরিচালনা করেন। বিএসটিআইর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওয়াল মার্টে বিক্রির জন্য রাখা আঙুরে ফরমালিনের উপস্থিতি পান। বিএসটিআই ও সিটি করপোরেশন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খাবার অযোগ্য আঙুর বিক্রির দায়ে এবং আঙুরে ফরমালিন উপস্থিত থাকায় বিশুদ্ধ খাদ্য আইনে ওয়াল মার্টের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালতের নির্দেশে খাবার অযোগ্য ও ফরমালিন দেওয়া আঙুর ধ্বংস করা হয়। একই আদালত এরপর প্রবর্তক মোড়ে অবস্থিত সুপার শপ আগোরাতে অভিযান চালান। সেখানে চেরি ফলে ফরমালিন পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ফরমালিনযুক্ত চেরি ফল ধ্বংস করা হয়।