চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদির রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে তাঁর পরিবার।
অপরদিকে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে কারাগারের কর্মকর্তা, বন্দীসহ ১৫ জনের সাক্ষ্য নিয়েছেন। আগামী রোববার তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পারে।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই সুবেদার আনজু মিয়া ও হুমায়ুন কবিরকে গতকাল বৃহস্পতিবার তাৎক্ষণিক বদলির আদেশ দিয়েছেন মহাকারাপরিদর্শক। আনজু মিয়াকে চাঁদপুর কেন্দ্রীয় কারাগারে আর হুমায়ুন কবিরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বদলি করা হয়।
তদন্ত কমিটির প্রধান উপমহাকারাপরিদর্শক (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) অসীম কান্ত পাল প্রথম আলোকে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কমিটির তদন্ত অব্যাহত আছে। ইতিমধ্যে ১৫ জনের বক্তব্য নেওয়া হয়েছে। দুই কারারক্ষীকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করে রোববার প্রতিবেদন দাখিল করা হতে পারে।
দুই সুবেদারকে বদলির আদেশ পাওয়ার কথা স্বীকার করে অসীম কান্ত পাল জানান, কয়েদির মৃত্যুর সঙ্গে এটির কোনো সম্পর্ক আছে কি না তাঁর জানা নেই।