দুই সেতু ও সাতটি কালভার্ট জরাজীর্ণ ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের বেলতলা সেতুর পাটাতন ভেঙে গেছে। ভেঙে যাওয়া স্থানে বেইলি সেতুর প্লেট দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
পিরোজপুরের কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের বেলতলা সেতুর পাটাতন ভেঙে গেছে। ভেঙে যাওয়া স্থানে বেইলি সেতুর প্লেট দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

পিরোজপুরের কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কে দুটি সেতু ও সাতটি কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ সেতু ও কালভার্টগুলো দিয়ে প্রতিদিন কয়েক শ যাত্রী ও মালবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকদার বলেন, কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া ১৭ কিলোমিটার সড়কে আশির দশকে নির্মাণ করা সেতু ও কালভার্টগুলো সাত থেকে আট বছর ধরে জরাজীর্ণ। এ উপজেলার সঙ্গে ভান্ডারিয়া উপজেলার যোগাযোগ ও পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করা হতো। সড়কের বেলতলা সেতুটি খুবই জরাজীর্ণ হওয়ায় সেটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, এ সড়কে একটি গার্ডার ও একটি বেইলি সেতু এবং ১২টি কালভার্ট রয়েছে। এর মধ্যে কাউখালী উপজেলার শিয়ালকাঠীর বেলতলা গার্ডার সেতু, চিরাপাড়া ফরাজিবাড়ি এলাকায় তিনটি কালভার্ট, পারসাতুরিয়া মিয়াবাড়ির সামনের কালভার্ট, চিরাপাড়া জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কালভার্ট, দক্ষিণ চিরাপাড়া মসজিদ-সংলগ্ন কালভার্ট, সেনেরহাট কালভার্ট ও ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ার তালুকদারহাট বেইলি সেতু যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেলতলা গার্ডার সেতুর পাটাতন ভেঙে ছিদ্র হয়ে গেছে। পাটাতনের ছিদ্রের ওপর বেইলি সেতুর প্লেট দিয়ে মানুষ ও যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তালুকদারহাট বেইলি সেতুর পাটাতনের প্লেটগুলো জরাজীর্ণ হয়ে গেছে। কালভার্টগুলোর পলেস্তারা খসে গিয়ে রড বেরিয়ে গেছে। দুই পাশের রেলিং ভেঙে গেছে।
কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের আনোয়ার শিকদার বলেন, শিয়ালকাঠীর বেদুরিয়া খালের ওপর বেলতলা গার্ডার সেতুটি আট বছর ধরে ঝুঁকিপূর্ণ। তবু সেতুটির ওপর দিয়ে পিকআপ ভ্যান, যাত্রীবাহী টমটম ও মোটরসাইকেল চলাচল করছে। এদিকে সেতুটি পার হওয়ার সময় জোড়াতালি দেওয়া স্থানে গাড়ির চাকা আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বেলতলা সেতু পার হতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুই বছর আগে এক মহিলা এখানে দুর্ঘটনায় মারা যান। সাম্প্রতিক সময়েও ছোটখাট দুর্ঘটনায় কয়েকজন আহত হয়।
ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মসিউর রহমান মৃধা বলেন, ভিটাবাড়িয়া ইউনিয়নের মানুষ উপজেলা ও জেলা সদরে যেতে সড়কটির ওপর নির্ভরশীল। এটি দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারে না। ফলে ব্যবসা-বাণিজ্যে ও কৃষিপণ্য পরিবহনে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ভান্ডারিয়া শহরের সুপারি ব্যবসায়ী আবদুল হক বলেন, কাউখালী থেকে সুপারি কিনে ভান্ডারিয়ায় নিতে ঝালকাঠির রাজাপুর উপজেলা হয়ে ১২ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে। এতে অতিরিক্ত পরিবহন খরচ হচ্ছে।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস বলেন, কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কে একটি গার্ডার সেতু ও সাতটি কালভার্ট নতুন করে নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করে মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।