দুই সেতুর কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কের ফুটকিবাড়ী ভাঙ্গামনি ও বকুলতলা বেড়াকুটি সেতু দুটির নির্মাণকাজ গত জুন মাস থেকে বন্ধ রয়েছে।
ফুটকিবাড়ী গ্রামের লক্ষ্মণ চন্দ্র রায় বলেন, ‘এই যে দু-তিন বছর আগে সেতুর নির্মাণ শুরু হয়েছে, শেষ হওয়ার কথা নেই। চলছে তো চলছেই। কবে যে আমরা সেতু দিয়ে চলাচল করতে পারব, কোনো ভরসাই পাচ্ছি না।’
ফুটকিবাড়ী ও বকুলতলা সেতুর আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৭ সালের বন্যায় পুরোনো সেতুগুলো ভেঙে যায়। এরপর বিভিন্ন সময়ে বেইলি সেতু স্থাপন করে সড়ক চালু রাখা হয়। অথচ ঠাকুরগাঁওয়ের হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ এবং আড়াই শতাধিক মিনিবাস, দূরপাল্লার কোচ, ট্রাক, ওষুধের গাড়ি ও অন্যান্য যানবাহন প্রতিদিন পীরগঞ্জ-বীরগঞ্জ সড়ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে। নির্মাণাধীন সেতু দুটির পাশের বিকল্প সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গত দুই বছরে নছিমন, মালবাহী পিকআপ, মোটরসাইকেলসহ নয়টি দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শাখা কর্মকর্তা এবং সেতু দুটির নির্মাণকাজের তদারকির দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মো. মাহফুজার রহমান জানান, সওজ রংপুর অঞ্চলের দিনাজপুর বিভাগের আওতায় এ সেতু দুটির নির্মাণকাজ চলছে। ২০১১ সালের জুলাই মাসে পাঁচ কোটি টাকা ব্যয়ে ফুটকিবাড়ী ভাঙ্গামনি ও বকুলতলা বেড়াকুটি সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। দিনাজপুরের ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের দায়িত্ব পান। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সেতু দুটির নির্মাণকাজ সমাপ্ত করার কথা ছিল। কিন্তু ঢিমেতালে কাজ করায় নির্ধারিত সময়ের মধ্যে শুধু সেতু দুটির আরসিসি পিলার নির্মাণ সমাপ্ত হয়েছে। এখনো ওপরের কাজ বাকি আছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের সাইট ম্যানেজার নারায়ণ হাওলাদার বলেন, ‘৩০ জুনের পর থেকে ওই দুটি সেতুর বিষয়ে আমাদের আর কোনো দায়িত্ব নেই। আমরা যেটুকু কাজ করেছি, সেটুকুর বিল পেয়ে গেছি।’
সওজ দিনাজপুর বিভাগের শাখা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, ঢিমেতালে কাজ করার কারণে মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। তবে ফুটকিবাড়ী সেতুর বাকি কাজ সম্পন্ন করার জন্য এক কোটি ৫০ লাখ টাকা এবং বকুলতলা সেতুর জন্য এক কোটি ৮৪ লাখ টাকার প্রস্তাব গত জুলাই মাসে রংপুর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে শিগগরিই কাজ শুরু হবে।
চলতি বছরের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ সমাপ্ত করার কথা থাকলেও ওই সময় পর্যন্ত সেতু দুটির খুঁটিগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র। এর পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন।