দুই সেতুর পাত ভেঙে আটকা পড়ল দুটি ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় সেতুতে আটকে যায় ট্রাক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় সেতুতে আটকে যায় ট্রাক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় গত মঙ্গলবার রাতে দুটি সেতুর লোহার পাত ভেঙে দুটি মালবাহী ট্রাক আটকে যায়। এতে সড়কে যান চলাচল ১৫ ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বুধবার বিকেলে ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লতিফপুর এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি সেতু আছে। এর আগে সেতুটির কিছু অংশ ভেঙে গেলে সেটি মেরামত করা হয়। এ ছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় পাশে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়। নতুন বাইপাস সড়ক তৈরি করায় ওই সেতু দুটিতে দূরপাল্লার যানবাহনও চলাচল করছে। দুটি সেতুই বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটা থেকে দেড়টার মধ্যে কয়লা ও সিমেন্ট ভর্তি দুটি ট্রাক দুই সেতুতে লোহার পাত ভেঙে আটকে যায়। এতে ট্রাকচালক স্বপন মিয়া, নূরুন নবীসহ ছয়-সাতজন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বপন ওই হাসপাতালে ভর্তি আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুটি ট্রাক আটকে যাওয়ার ঘটনায় সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। কালিয়াকৈর থানা-পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন গতকাল বিকেলে দুই সেতু থেকে ট্রাক সরিয়ে নেন। এরপর সেতুর ভাঙা অংশ মেরামত করা হলে বিকেল চারটা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সেতুর পাত ভেঙে আটকে থাকা চাকা l ছবি: প্রথম আলো
সেতুর পাত ভেঙে আটকে থাকা চাকা l ছবি: প্রথম আলো

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কথা হয় আটকে যাওয়া ট্রাকের চালক নূরুন নবীর সঙ্গে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে কয়লা নিয়ে বগুড়া যাচ্ছিলাম। ট্রাকে কয়েকজন যাত্রীও ছিলেন। এখানে সেতুর প্লেট (পাত) ভেঙে আছে, তা জানা ছিল না। হঠাৎ করেই চোখে পড়ে সেতুর প্লেট নেই। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারিনি। ট্রাকের সামনের চাকা পার করতে পারলেও শেষ রক্ষা হয়নি। পেছনের চাকা আটকে সামনের অংশ সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ট্রাক থেমে যায়।’

অটোরিকশাচালক হাফিজুর রহমান বলেন, দুই সেতুতে দুটি ট্রাক আটকে যায়। এ কারণে দুই কিলোমিটার ঘুরে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যালয় এবং থানায় যেতে হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু দুটি দিয়ে চলাচল করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বশির খান বলেন, কয়েক দিন আগেও সেতুটি মেরামত করা হয়। এখানে খুব শিগগির পাকা সেতু নির্মাণ করা হবে।