দুই সেনা কর্মকর্তাকে সামরিক হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর পদস্থ দুই কর্মকর্তাকে সামরিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার এ দুই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। উগ্রপন্থী গোপন সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখাসহ বিভিন্ন অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।হেফাজতে নেওয়া এ দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান (৪৭) ও লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আলী যায়ীদ (৪৯)। তাঁরা দুজনই ময়মনসিংহে অবস্থিত আর্মি রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে (আর্ট ডক) কর্মরত ছিলেন। তাঁরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) দশম দীর্ঘমেয়াদি কোর্সের (লং কোর্স) মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। এর মধ্যে হাসিনুর রহমান কর্মজীবনে একাধিক পদক পেয়েছেন। তিনি দীর্ঘদিন র‌্যাব-৯-এর অধিনায়ক ছিলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ দুই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা স্বীকার করা হয়েছে। গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বেশ কিছু সেনার শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সেনা আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীতে সংশ্লিষ্ট সেনাসদস্যদের সেনা হেফাজতে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা একটি স্বাভাবিক বিষয়। এ ধরনের কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে।’তবে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে ওই দুই কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করে, গোয়েন্দারা ওই দুই সেনা কর্মকর্তার গতিবিধির ওপর বেশ কিছুদিন ধরে নজর রাখছিলেন। তাঁরা নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠনের সঙ্গে গোপনে যোগাযোগ, এমনকি বৈঠকও করেছেন। গোয়েন্দারা তাদের এসব তৎপরতার ব্যাপারে তথ্য পাওয়ার পর গত সোমবার সকালে হাসিনুর রহমানকে ময়মনসিংহ থেকে এবং ওই দিন রাতে ঢাকা থেকে আবদুল্লাহ আলী যায়ীদকে হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে দুইজনকে আগের কর্মস্থল থেকে ঢাকায় লগ এরিয়ায় সংযুক্ত করা হয়।সেনা সূত্রগুলো জানায়, এ দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের একটি তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হয়েছে।