দুই সেনাকে হাসপাতাল কর্মচারীদের পিটুনি
ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালের কর্মচারীরা রোগীর স্বজন দুই সহোদর সেনাসদস্যকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে শহরের নিলটুলি মহল্লার আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, সেনাসদস্যদের পেটানোর ঘটনায় হাসপাতালের কোনো কর্মচারী জড়িত নন।
শারীরিকভাবে লাঞ্ছিত ওই দুই সেনাসদস্য হলেন সৈয়দপুর ক্যান্টনমেন্টের সার্জেন্ট শহিদুল ইসলাম (৩০) ও তাঁর ছোট ভাই চট্টগ্রামে কর্মরত সেনাসদস্য বেলায়েত হোসেন (২১)। তাঁদের বাড়ি সদরপুর উপজেলার শৈলডুবি মুজমদার বাজার এলাকায়।
শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে ফরিদপুরের আরোগ্য সদন হাসপাতালে ছেলে আবদুল্লাহ খান, বোন চম্পা বেগম ও তাঁর মেয়ে মোহনা ও ছোট ভাই বেলায়েতকে নিয়ে চিকিৎসককে দেখাতে আসেন। তিনি বলেন, ‘এসেই নাম নিবন্ধন করার পর শিশু আবদুল্লাহ ও মোহনাকে চিকিৎসককে দেখাতে রাত আটটা বেজে যায়। পরে ছোট ভাই বেলায়েতকে নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ইউসুফ আলীর কাছে যাই। দূরে যাব বলে চিকিৎসকের সহকারীকে আগে দেখানোর কথা বললে তিনি রাজি হননি। তখন আমি সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে বিষয়টি বলতে ভেতরে যেতে চাই। এ সময় চিকিৎসকের সহকারী হাসান আমাকে ধাক্কা দিলে আমি আমার ভাইসহ মেঝেতে পড়ে যাই। এতে আমার ভাইয়ের পা কেটে যায়। পরে ধস্তাধস্তি হলে হাসানের মাথা কেটে যায়। এরপর ওই হাসপাতালের ৮-১০ জন কর্মচারী এসে আমাদের দুই ভাইকে পেটান।’
প্রত্যক্ষদর্শী এক রোগী নগরকান্দার তোতা মিয়া বলেন, মারধর করার সময় শহিদুলের কোলের শিশুটি চিৎকার করতে থাকে৷ তবু কর্মচারীরা তাঁদের পেটাতে থাকেন৷ এ সময় অন্য রোগী ও স্বজনেরা হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করেন। তবে পুলিশের কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না বলে উল্টো ওই দুই সেনাসদস্যকে ‘চাকরি নিয়ে বিপদে পড়ে যাবেন’ বলে হুমকি-ধমকি দিতে শুরু করেন।
হাসপাতালের ব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, যাঁরা হাসপাতালের ভেতরে সেনাসদস্যদের পিটিয়েছেন, তাঁরা বহিরাগত।
কোতোয়ালি থানার এসআই মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাঞ্ছিত রোগীর স্বজনদের থানায় এসে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।