দুই সেনাসদস্যের বাড়িতে আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গত মঙ্গলবার পাহাড়ধসের ঘটনায় উদ্ধারকাজ চালানোর সময় ভূমিধসে নিখোঁজ সেনাসদস্য আজিজুর রহমানের লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকাজের সময় নিহত আরেক সেনাসদস্য শাহিন আলমকে তাঁর বগুড়ার আদমদীঘির গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
নিহত সেনাসদস্য আজিজুর রহমান মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের খলিলুর রহমানের বড় ছেলে। গতকাল সকালে আজিজুরের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর থেকে তাঁর বাড়িতে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
ছেলের এমন মৃত্যু মা করপলি বেগম যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। ছেলের শোকে তিনি প্রলাপ করছিলেন, ‘আমার সোনার চান পোলারে আইনা দাও! আমার বাবায় কই গেল রে...আমার বুকের ধনরে তোমরা য্যামনে পারো নিয়া আহো!’ স্বজন ও এলাকাবাসী জানান, আজিজুর ২০০২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। পাঁচ ভাইবোনের বড় আজিজুর চাকরির পর থেকে এ পরিবারের দেখভাল করতেন। ২০১৪ সালে বিয়ের পর তাহাসিনা নামের এক কন্যাসন্তানের বাবা হন। মঙ্গলবার রাঙামাটির মানিকছড়িতে ভূমিধসে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল সকালে আজিজুরের লাশ পাওয়া যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশাহারা তাঁর স্বজনেরা। আজ শুক্রবার সকালে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে আজিজুরের লাশ নিয়ে আসার কথা রয়েছে। এরপর বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।
সেনাসদস্য শাহিন আলমের দাফন সম্পন্ন
মানিকছড়িতে উদ্ধারকাজ করতে গিয়ে ভূমিধসে নিহত বগুড়ার আদমদীঘির সেনাসদস্য শাহীন আলম ওরফে চঞ্চলের দাফন গতকাল বাদ জোহর তাঁর নিজ গ্রাম ধনতলায় সম্পন্ন হয়েছে। ধনতলা মাদ্রাসামাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। জানাজায় সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এর আগে দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে তাঁর লাশ গ্রামে এসে পৌঁছায়।
গ্রামের বাড়িতে শাহীনের লাশ পৌঁছার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁর বাবা-মা, স্ত্রী, বোন ও অন্য স্বজনেরা কান্না-আহাজারিতে ফেটে পড়েন।