দুই সোনা চোরাচালানিকে ছাড়তে চাপ দিয়েছিলেন এসি শিবলী নোমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক দুই সোনা চোরাচালানিকে ছেড়ে দিতে রাজধানীর রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম শিবলী নোমান রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালাকে চাপ ও হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে ওসির করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি) এমন অভিযোগ আনা হয়েছে।
জানতে চাইলে শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ‘সোনা চোরাচালানিদের ছেড়ে দিতে আমি ওসিকে বলিওনি কিংবা হুমকিও দিইনি।’
কৃপা সিন্ধু বালা গত ১৭ মার্চ রামপুরা থানায় ওই জিডি করেন। জিডিতে বলা হয়, থানায় আটক সোনা চোরাচালানি জাহেদ হোসেন ওরফে মাহিন ও গাড়িচালক সমীর কুমার বিশ্বাস গাড়ির আসনের নিচ থেকে ৭০টি সোনার বার (প্রতিটিতে ১০ ভরি) বের করে দিলে সেগুলো জব্দ করা হয়। মাহিন ও সমীরকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও এসি। কিন্তু এসি শিবলী নোমান তাঁদের থানা থেকে ছেড়ে দিতে বারবার অনুরোধ করেন। শিবলী নোমান মুঠোফোনে তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘আসামিদের যদি থানা থেকে ছেড়ে না দিই, তাহলে আমার প্রচণ্ড ক্ষতি করবেন তিনি।’
ওই জিডি করার দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন গ্রেপ্তার হওয়া মাহিন। জবানবন্দিতে তিনি বলেন, আটক সোনা ছাড়িয়ে দিতে রমনা অঞ্চলের এসি শিবলী নোমান ঢাকা ক্লাবে তিনিসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন।
রামপুরা থানার পুলিশ ১৩ মার্চ বনশ্রীতে একটি গাড়ি আটক করে। ১৬ মার্চ মাহিন ও সমীর ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁদের আটক করে এবং তাঁদের দিয়ে গাড়িটি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করে। তবে ওই দুজন দাবি করেন, গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। জবানবন্দিতেও তাঁরা একই দাবি করেন।
এই অভিযোগ ওঠায় রামপুরা থানার ওসি কৃপা সিন্ধুকে প্রত্যাহার করা হয়। সোনা আত্মসাতের অভিযোগে ৩১ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে তাঁদের তথ্যের ভিত্তিতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।
সোনা আত্মসাতের ঘটনায় পুলিশের এই তিন সদস্য, পুলিশের গাড়িচালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম ওরফে রনির বিরুদ্ধে ৭ এপ্রিল রামপুরা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলা তদন্তের সঙ্গে সম্পৃক্ত দুদকের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, কারাগারে আটক পুলিশের তিন সদস্যকে এ মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করা হবে। পরে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চোরাচালানি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করা হবে।
জানতে চাইলে শিবলী নোমান বলেন, সোনা চোরাচালানিদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে দুদক তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
এদিকে সোনা চোরাচালানের অভিযোগে ১৬ মার্চ রামপুরা থানায় মাহিন, সমীর ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, চোরাচালানিদের মূল হোতা জাহিদুল ইসলাম ওরফে অনিক পলাতক। তাঁকে গ্রেপ্তার করা গেলে বিস্তারিত তথ্য এবং বাকি ১৬টি সোনার বার উদ্ধার করা যাবে।