নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আসামির দুই স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পুলিশের দুই সোর্সকে (তথ্যদাতা) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসানের আদালতে আসামিদের হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের উপপরিদর্শক গোলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার মামলাটি সিদ্ধিরগঞ্জ থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আমি নিজেই মামলাটি তদন্ত করছি। অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুই সোর্সকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। এর আগে থানা-পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে।’
জানা গেছে, গত ৩১ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান রিমান্ডে নেন। রিমান্ডে আসামিকে নির্যাতন করা হবে না বলে তাঁর দুই স্ত্রীর কাছে মুঠোফোনে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করে তাঁদের থানার পাশে আসতে বলেন পুলিশের সোর্স নজরুল ও শুভ। আসামির দুই স্ত্রী এলে তাঁদের থানার অদূরে সোর্স নজরুলের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামির দুই স্ত্রী ঘুষের ছয় হাজার টাকা দেন। কিন্তু দুই সোর্স বাকি ১৯ হাজার টাকার দাবিতে তাঁদের দুজনকে ধর্ষণ করেন।
পরে ওই রাতেই এসআই আতাউর রহমান আসামির এক স্ত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তে দুই সোর্সের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পায়। তবে এসআই আতাউর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটির প্রধান ফারুক হোসেন জানান।