দুই স্কুলছাত্র হত্যার ঘটনায় আরও দুজন জেলহাজতে
টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় আরও দুজনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ দুজন হলেন ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট গ্রামের শহিদুল (২০) ও শামীম (২০)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন প্রথম আলোকে বলেন, শহিদুলকে মামলার আসামি হিসেবে আর শামীমকে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২৯ জানুয়ারি মির্জাপুর উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের একটি লেবু খেত থেকে চতুর্থ শ্রেণির ছাত্র শাকিল ও ইমরানের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। শিশু দুটিও ছিল ঢাকার ধামরাইয়ের চর চৌহাট গ্রামের।
এর আগে গত সোমবার রাতে নিহত ইমরানের চাচাতো ভাই মিল্টন এবং গত বুধবার রাতে নিহত শাকিলের প্রতিবেশী বাহাদুরকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দুজনের বাড়িও চর চৌহাট গ্রামে। তাঁরা দুজনই গত মঙ্গলবার ও গত বৃহস্পতিবার টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম সানজিদা সরোয়ার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।