দুই স্কুলছাত্রকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া সীমান্ত থেকে আজম আলী (১৫) ও মামুন হোসেন (১৫) নামের দুই স্কুলছাত্রকে ধরে নিয়ে পরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া সীমান্ত থেকে বিসিএফ তাদের ধরে নিয়ে যায়। পরে বিকেলে তাদের ফেরত দেওয়া হয়।

আজম আলী পাকুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আর মামুন ভাঙ্গাপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে এবং ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে আজম ও মামুন ১৫৩-(১২৩) সীমান্ত পিলার-সংলগ্ন তাদের আবাদি জমিতে কাজ করছিল। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন স্থানীয় ঠোটারপাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার সামসুল আলম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও আটক স্কুলছাত্রদের ফেরত চেয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের চিঠি পাঠান। বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।

৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, ওই দুই ছাত্র আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছিল। তাদের ফেরত চেয়ে অনুরোধ করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তাদের ফেরত দেওয়া হয়।