দুই স্কুলে সততার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই উচ্চবিদ্যালয় ও সাতগাঁও উচ্চবিদ্যালয়ে নৈতিক শিক্ষা অর্জনের জন্য ‘সততা স্টোর’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন।
দুদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগিতায় দোকান দুটি চালু করা হয়েছে। দুপুরে বিটিআরআই উচ্চবিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ। এতে অতিথি ছিলেন দুদকের হবিগঞ্জ ও মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার খলিলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার প্রমুখ।
এর আগে সকালে সাতগাঁও উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোরের’ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত।
জানা গেছে, ‘সততা স্টোরে’ কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা এই দোকান থেকে পণ্য কিনে টাকা জমা দেবে। যে পণ্যের গায়ে যে দাম লেখা থাকবে, ওই দামই তারা পরিশোধ করবে। এভাবে তাদের ছাত্রাবস্থায় নীতি-নৈতিকতা, সাধুতা এবং সততা চর্চা করার জন্য এই দোকান প্রতিষ্ঠা করা হয়েছে।