দুই স্ত্রী দাবি করছেন এক স্বামীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের (৪৫) লাশ দুই সপ্তাহ ধরে মর্গে পড়ে আছে। দুই ধর্মের অনুসারী তাঁর দুই স্ত্রী নিজ নিজ ধর্মমতে মৃত্যু-পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য লাশ দাবি করায় এ জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের এই সাবেক শিক্ষক খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকতেন। গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি খুন হন। খুন হওয়ার পর পুলিশের খাতার তাঁর নাম লেখা হয় সাজ্জাদ হোসেন।এর মধ্যে খবর পেয়ে কলকাতা থেকে তাঁর প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী এসে হিন্দুধর্ম অনুসারে সত্কারের জন্য স্বামীর লাশ দাবি করেন। তিথি কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন।তাঁর আগে আকলিমা আক্তার নামে আরেক তরুণী চন্দনের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। তাঁর দাবি, তাঁকে বিয়ে করার আগে চন্দন ধর্মান্তরিত হয়ে সাজ্জাদ হোসেন নাম ধারণ করেছেন। এর আগে চন্দন তাঁর শিক্ষক ছিলেন বলে আকলিমা জানান।এ অবস্থায় প্রথম স্ত্রী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২৭ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বামীর লাশ পাওয়ার আবেদন করেন। এ বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরির হওয়ায় ওই শিক্ষকের লাশটি কারও কাছে হস্তান্তর করা হয়নি। আদালত থেকে নির্দেশ আসার পরই লাশ হস্তান্তর করা হবে। নির্ধারণ করা হবে লোকটি কোন ধর্মের অনুসারী।শিক্ষক খুনের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করে। তাতে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয় বলে পুলিশ সূত্র জানায়।