দুই স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসী গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুই স্ত্রীকে হত্যা করেছেন ইলিয়াছ আলী (৫৫) নামের এক ব্যক্তি। এলাকাবাসী ইলিয়াছকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াছ পারিবারিক কলহের জের ধরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ছোট স্ত্রী মকসুদা বেগমের (৩০) ঘরে ঢুকে তাঁর মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন। এ সময় মকসুদার চিৎকারে পাশের ঘর থেকে বড় স্ত্রী মোমেনা বেগম (৪০) এগিয়ে এলে তাঁকেও কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন ইলিয়াস। এতে ঘটনাস্থলে মকসুদা ও মোমেনা মারা যান। পরে এলাকাবাসী ইলিয়াছকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা একই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকার ফজল মিয়ার মেয়ে। মোমেনার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। মকসুদা উপজেলার বলদিপুকুর এলাকার নওশাদ মিয়ার মেয়ে। মকসুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।