দুই স্ত্রীসহ সাবেক ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সাবেক তত্ত্বাবধায়ক শেখ আকরাম হোসেন ও তাঁর দুই স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন নগরের ডবলমুরিং থানায় মামলাগুলো করেন। দুদক সূত্র জানায়, মামলায় অন্য দুই আসামি হলেন, শেখ আকরামের প্রথম স্ত্রী জাহানারা বেগম ও দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াছমিন। পৃথক তিন মামলায় এই তিনজনের বিরুদ্ধে মোট এক কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং দুই কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, শেখ আকরাম দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে প্রায় ৯২ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এক কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। অন্য মামলায় শেখ আকরাম হোসেনের প্রথম স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে ১১ লাখ ছয় হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ ছাড়া তিনি প্রায় ৪৪ লাখ ২৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।তৃতীয় মামলায় আকরাম হোসেনের দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াছমিনের বিরুদ্ধে প্রায় ২৬ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং সাড়ে ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। শেখ আকরাম হোসেনের গ্রামের বাড়ি বাগেরহাটের কারাপাড়া এলাকায় বলে জানা গেছে।